ইংলিশ জায়ান্ট লিভারপুল টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে গেল বছরের শেষটা করেছিল বাজে। নতুন বছরের শুরুটা আরও খারাপ হলো তাদের। ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের বিপক্ষে এবার হেরে গেছে শিরোপাধারীরা।
প্রতিপক্ষের মাঠে সোমবার (৪ ডিসেম্বর) ১-০ ব্যবধানে হারে ইয়ুর্গেন ক্লপের দল। সাউথ্যাম্পটনের হয়ে একমাত্র গোলটি করেন লিভারপুলের সাবেক ফরোয়ার্ড ড্যানি ইঙ্গস।
গত রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য এবং এর আগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের সঙ্গে ১-১ ড্র করেছিল ‘অল রেড’ নামে পরিচিত এই দলটি।
দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় সাউথ্যাম্পটন। জেমস ওয়ার্ড-প্রাউসের ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়ে বল মিস করেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ডি-বক্সে বল পেয়ে প্রথম স্পর্শে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ইঙ্গস। প্রিমিয়ার লিগে এই ইংলিশ ফরোয়ার্ডের এটি ৫০তম গোল।
ইত্তেফাক/টিআর
