ফেডারেশন কাপ ফুটবলের বুধবার প্রথম, বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে বিকাল ৪টায়। একই মাঠে, একই সময়ে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে খেলবে আবাহনী ও টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
ফেডারেশন কাপ ফুটবলে দুই সেমিফাইনালিষ্টের মধ্যে সাইফ স্পোর্টিংয়ের সামনে ফাইনালে ওঠার হাতছানী। গত কয়েকটি আসরে চেষ্টা করেও পারেনি। এবার তারা ফাইনালে ওঠার আরেকটি চেষ্টা করবে। ফেডারেশন কাপে দুর্দান্ত গতিতে ছুটে চলা এই সাইফ এরই মধ্যে নিজেদের মেলে ধরেছে। ফুটবল দর্শকও সাইফের খেলায় সন্তুষ্ট। সবদিক থেকে এই দলটাকে ব্যালান্সড মনে করছেন ফুটবল দর্শক। চ্যাম্পিয়ন হবার কথাও অনেকে আগ বাড়িয়ে বলছেন। তবে খেলোয়াড়রা চট্টগ্রাম আবাহনীকে নিয়েই ভাবতে চায়। চট্টগ্রাম আবাহনী আগেও ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে খেলেছে বলে তাদেরকে ভয় পাচ্ছে না সাইফ স্পোটিং। সাইফের অধিনায়ক রহমত মিয়া উল্টো জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম আবাহনী-ই নাকি চাপে থাকবে।
ফেডারেশন কাপের গ্রুপ পর্বে সাইফ স্পোর্টিং ৩ ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। কোয়ার্টার ফাইনালে মোহামেডানের বিপক্ষে দারুণ লড়াই হয়েছিল। বলা হচ্ছে টুর্নামেন্টে দুটি সেরা ম্যাচের একটি ছিল সেটি। ১২০ মিনিটের লড়াইয়ে সাইফ টাইব্রেকারে হারায় মোহামেডানকে। এই টুর্নামেন্টে ৪ ম্যাচ ১২টি গোল করেছে। হজম করেছে ৩টি।
সাইফের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ৪ গোল করেছেন সেমিফাইনালেও এই ফরোয়ার্ডের উপর আস্থা সাইফের বেলজিয়ান কোচ পল যোসেফ পুটের। এই কোচও ফাইনালে উঠার প্রত্যাশা সাজিয়ে বসেছেন। তিনিও মনে করছেন যদি তার দল স্বাভাবিক খেলাটাও খেলতে পারে ফাইনালে উঠতে সমস্যা হবে না। কোনো কিছুকে চাপও মনে করছেন না তিনি। কোচিং ক্যারিয়ারে সত্তুর আশি হাজার দর্শক মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে।
চট্টগ্রাম আবাহনী ২০১৭ সালে ফাইনাল খেলেছিল। চ্যাম্পিয়ন হতে পারেনি। রানার্সআপ চট্টগ্রাম আবাহনী আবার ফাইনালে উঠতে মরিয়া। ফেডারেশন কাপে গ্রুপ পর্বে রানার্সআপ হয়েছিল। টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ রহমতগঞ্জকে ১-০ গোল হারিয়ে, বসুন্ধরা কিংসের কাছে হেরেছিল ১-০ গোলেই। রহমতগঞ্জ দুই ম্যাচে হারার সুযোগে চট্টগ্রাম আবাহনী কোয়ার্টার ফাইনালে উঠেছিল। সেখানে ভালো খেলেছে। শেখ রাসেলকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে। কোচ শেখ মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী সেমিফাইনালে সেরাটা দিয়ে লড়াই করবে।
ইত্তেফাক/এসআই
