ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করতে এফবিআইকে আইনপ্রণেতাদের চিঠি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১১:৪৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করতে গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কাছে চিঠি পাঠিয়েছেন দুই ডেমোক্র্যাট কংগ্রেসম্যান। জর্জিয়ার ফল পালটানোর জন্য একজন নির্বাচনি কর্মকর্তাকে করা ফোনালাপ ফাঁসের পর তারা সোমবার এই চিঠি লেখেন। খবর দ্য গার্ডিয়ানের

ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান টেড লিউ এবং নিউ ইয়র্কের কংগ্রেসম্যান ক্যাথলিন রাইস এফবিআই পরিচালক ক্রিস্টোফারকে লেখা চিঠিতে বলেছেন, ‘মার্কিন কংগ্রেসের সদস্য ও প্রসিকিউটর হিসেবে আমরা বিশ্বাস করি, ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি নির্বাচনি অপরাধের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন।’ তারা দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের তদন্ত শুরুর আহ্বান জানান। মার্কিন আইনে জেনেশুনে ও ইচ্ছাকৃতভাবে ভোটারদের সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করা অপরাধ হিসেবে গণ্য করা হয়।

এদিকে সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেন, এই টেপটি শোনার সঙ্গে সঙ্গেই আপনি এটাকে ফৌজদারি আইনে বিবেচনা করবেন। আলোচিত ঐ ফোনালাপে জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপার্জারকে রাজ্যটির নির্বাচনি ফল বদলে দিতে চাপ দেন ট্রাম্প। প্রভাবশালী মিডিয়া ওয়াশিংটন পোস্ট ঐ ফোনালাপ ফাঁস করে দেওয়ায় মার্কিন রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

ব্র্যাডকে ট্রাম্প বলেছেন, জর্জিয়ায় জেতার মতো ভোট খুঁজে বের করতে। কারণ তিনি বিশ্বাস করেন না, জর্জিয়ায় জো বাইডেনের কাছে তিনি হেরেছেন। ফোনকলে শোনা যাচ্ছে, ব্র্যাড ও তার আইনজীবীকে রীতিমতো হুমকি দিচ্ছেন ট্রাম্প।

ইত্তেফাক/এমআর