করোনা পরবর্তী মাঠে ফিরতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে অনুশীলন ক্যাম্প।
বাংলাদেশের বাঘিনীদের মোকাবিলা করতে শিগগিরই আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। তাদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জানিয়েছেন বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদেল। জুন মাসে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির বলেও জানান তিনি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলমান ক্যাম্পে এই মাসের শেষের দিকে যোগ দিবেন নারীদের প্রধান কোচও।
বাঘিনীদের প্রধান কোচ মার্ক রবিনসন না আসা পযন্ত সহকারি কোচ ফয়লাস হোসেন ডিকেন্সের তত্বাবধানে চলবে নারীদের অনুশীলন। মাসের শেষ দিকে যোগ দেয়ার কথা রয়েছে হেড কোচের।
বাংলাদেশে ক্রিকেট বোর্ডের নারী উইং এর চেয়ারম্যান শফিউল আলম নাদেল জানান, জানুয়ারির শেষভাবে নতুন কোচ ক্যাম্পে যোগ দিবেন। একই সঙ্গে নারী ক্রিকেটারদের স্বাস্থ্য নিরাপত্তায় যেন কোন প্রকার ঘাটতি থেকে না যায় সেজন্য নিজস্ব পরিবহন ব্যবস্থায় হোটেল থেকে নারী ক্রিকেটারদের মাঠে আনা নেওয়া করা হচ্ছে বলেও জানান তিনি।
করোনায় স্থগিত হয়েছে এশিয়া কাপ। দীর্ঘদিন খেলা হয়নি আন্তর্জাতিক অঙ্গনে। তবে স্বাস্থ্যবিধি মেনে মাঠে ফিরছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। পিছিয়ে নেই বাংলাদেশের মেয়েরাও। শিগগিরই দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল আসছে বাংলাদেশে। পরিকল্পনা আছে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের।
উইং চেয়ারম্যান জানালেন, করোনা পরিস্থিতির মধ্যে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনেই দেশে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং টিম আসছে। তাছাড়া কোভিড পরিস্থিতি ভাল হলে ত্রিদেশী একটি আন্তর্জাতিক টুর্নামেন্টেরও আয়োজনের আশা প্রকাশ করেন তিনি।
ইত্তেফাক/এসআই
