সারাদেশে বিভিন্ন জেলায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৮:৩৯

সারাদেশে বিভিন্ন জেলা-উপজেলায় দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সারাদেশে প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার দোহার পৌরসভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের ব্যক্তিগত তহবিল থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে দোহার পৌরসভা কার্যালয়ে এ কম্বল বিতরণী অনুষ্ঠিত হয়।  

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার সকালে জয়পুরহাটের পাঁচবিবিতে গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে থানা যুবদলের প্রতিষ্ঠাতা সম্পাদক, পৌর আহবায়ক কমিটির উপদেষ্টা সদস্য আবু সাঈদ আহমেদের পক্ষ থেকে দেড় হাজার কম্বল বিতরণ করা হয়েছে 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা পাড়ের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় নবাই মিয়া - হিরামন নেছা শিশু কানন টিউটোরিয়াল স্কুল চত্বরে নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল হানিফ সরকারের উদ্যোগে ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই ফাউন্ডেশনের সহযোগিতায় ওই সব শীত বস্ত্র বিতরণ করেন হোসেন আলী-হাসনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। 

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার মুজিববর্ষ ও র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে সিরাজগঞ্জ সদর থানাধীন জেলখানা ঘাট, শেখ রাসেল পার্ক এলাকায় শীতার্তদের মাঝে ১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময়  র‌্যাব-১২ এর অধিনায়ক জনাব মো. রফিকুল হাসান গণি, অতিরিক্ত ডিআইজি উপস্থিত ছিলেন। 

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা জানান, ভোলার চরফ্যাশনের শীতার্ত মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া কম্বল বিতরণ করা হয়েছে।  স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব নয়টি ইউনিয়নের চার হাজার শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেছেন।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার চরটেকী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

কাঁঠালিয়া(ঝালকাঠি) সংবাদদাতা জানান, ঝালকাঠির কাঁঠালিয়ায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ ও যুব উন্নয়ন সমিতি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কলেজ রোডস্থ সমিতির কার্যালয়ে অসহায় দুস্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা, বাউফল সদর ইউনিয়নের দুইশ দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  মুক্তিযোদ্ধা ও বাউফল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এ জলিল হিরু মিয়া বৃহস্পতিবার এ শীতবস্ত্র বিতরণ করেন।  
 

ইত্তেফাক/এমএএম