পাবনার চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন হলো খাদিজা খাতুন নামের দুই বছরের এক শিশু। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেল এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মামাতো ভাই আহসান হাবীব (১২) কে আটক করেছে পুলিশ। নিহত খাদিজা উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাবলু হোসেনের মেয়ে। আটক আহসান হাবীব একই গ্রামের সুরুজ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান,আটক আহসান হাবীব মানসিক ভারসাম্যহীন। মাঝে মধ্যেই গ্রামের বিভিন্নজনকে মারধর করে। বিকেলে শিশু খাদিজাকে মা খাবার কিনে দিতে আহসান হাবীবকে দশ টাকা দেন। আহসান হাবীব শিশু খাদিজাকে কোলে নিয়ে স্থানীয় একটি দোকান থেকে খাবার কিনে দেয়।
তারপর থেকে তাদের কোনো খোঁজ ছিল না। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাশের একটি নির্মাণাধীন বাড়িতে শিশু খাদিজার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। কীভাবে খাদিজাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করছে পুলিশ।
চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ও নির্মাণাধীন ভবনের দেয়ালে রক্তের চিহ্ন দেখে প্রাথমিক ধারণা করা হচ্ছে শিশুটির মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
ইত্তেফাক/এসআই
