প্রবাসীকে জিম্মি করে চাঁদা আদায়

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২০:৫৬

প্রবাসীকে জিম্মি করে চাঁদা আদায়ের ঘটনায় নোয়াখালীতে বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- চাটখিলের পশ্চিম সোসালিয়া গ্রামের দিলাজের বাড়ির আমিন উল্লাহর ছেলে আকাশ (২০), পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের বনি আমিনের ছেলে দিদার হোসেন জনি (১৮) এবং একই গ্রামের হাফিজ পাটোয়ারীর ছেলে বাবু হোসেন (৩০)। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী চাটখিলের মর্য্যাদপাড়া গ্রামের এছাক মিয়ার ছেলে মাসুদ পাটোয়ারী ২৫ ডিসেম্বর চাটখিলে আসার সময় শহীদ জি, এম রুহুল আমিন সড়ক থেকে তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ইয়াবা দিয়ে নারীর সঙ্গে নগ্ন ছবি তুলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। 

জিম্মি অবস্থায় মাসুদ তার আত্মীয়কে মোবাইল ফোনে প্রতারক চক্রের বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে তাকে উদ্ধার করার অনুরোধ করে। মাসুদের আত্মীয় তাকে উদ্ধারের জন্য প্রতারকদের ৮টি বিকাশ নম্বরে ১ লাখ ৫৩ হাজার টাকা পাঠায়। টাকা পাওয়ার পর প্রতারক চক্রের সদস্যরা মাসুদকে দশঘরিয়া বাজারের পাশে ফেলে চলে যায়। 

আহত অবস্থায় স্থানীয় লোকজন মাসুদকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বাড়ির লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় চাটখিল থানায় মামলা হলে পুলিশ বিকাশ নম্বর ট্র্যাকিং করে প্রতারকদের চিহ্নিত করে গ্রেফতার করে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের হাজতে প্রেরণ করা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ