মেসি-গ্রিজম্যানের জোড়া গোল, দুর্দান্ত বার্সা

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০২:০১

বার্সা ফরওয়ার্ড লিওনেল মেসি ফর্মে থাকলে কী হয়? সেটা তো নতুন করে বলার কিছু নেই। আগের ম্যাচে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। এবার গ্রানাডার বিপক্ষেও গোলের ধারা অব্যাহত রেখেছেন আর্জেন্টাইন সেনশেসন। শুধু তাই নয়, মেসির সঙ্গে ফরাসি স্ট্রাইকার আতোঁয়া গ্রিজম্যানও নেমেছিলেন বিধ্বংসী ভূমিকায়। দুই তারকার জোড়া গোলে বিধ্বস্ত গ্রানাডা। বার্সেলোনা ৪-০ গোলে দলটিকে হারিয়ে নিজেদের জয়ের রথ ছুটিয়েই চলেছে।

রোনাল্ড কোম্যানের অধীনে এ নিয়ে টানা চতুর্থ অ্যাওয়ে ম্যাচে জয় পেলো বার্সেলোনা। আর এই জয়ের ফলে লা লিগায় পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে কাতালানরা। ১৮ ম্যাচে ১০ জয়ে তাদের পয়েন্ট এখন ৩৪। আর এক ম্যাচ কম খেলে গ্রানাডা ৭ম হারে আগের ২৪ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে।

পুরো ম্যাচে বল পজেশনে এগিয়ে ছিল বার্সা। ৭২ ভাগ! চার গোলের তিনটিই এসেছে প্রথমার্ধে। শুরুতে গ্রানাডা আক্রমণ গড়ে ভড়কে দিয়েছিল মেসি-ডেম্বেলেদের। কিন্তু গোলের সূচনা তারা করতে পারেনি। বরং ম্যাচের ১২ মিনিটেই আতোঁয়া গ্রিজম্যান বার্সেলোনাকে এগিয়ে নেন।
পরের দুটি গোল করেন মেসি। ৩৫ ও ৪২ মিনিটে। বার্সা অবশ্য দ্বিতীয় গোল পেয়েছে গ্রিজম্যানের এসিস্টে। বক্সের ভিতরে বল পেয়ে মেসি জোরালো বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে ফ্রি-কিক থেকে গ্রানাডাকে আরও পিছিয়ে দেন মেসি। বক্সের প্রান্ত থেকে কিছুটা নিচু ফ্রি-কিকে দলের হয়ে তৃতীয় গোল করেন সময়ের অন্যতম সেরা এই ফুটবল তারকা।

বিরতির পর বার্সার আধিপত্যে একটুও তেজ কমেনি। যদিও এই অর্ধে একটি গোল এসেছে। ৬৩ মিনিটে চতুর্থ গোলটি আদায় করতে সমর্থ হয় বার্সা। উসমান ডেম্বেলের লব থেকে গ্রিজম্যান বক্সের ভিতরে বাঁ পা দিয়ে বল রিসিভ করে ডান পাঁয়ের নিখুঁত শটে কঠিন কোন থেকে গোল করে গ্রানাডাকে আরও পিছিয়ে দেন।

ইত্তেফাক/টিআর