নগদে প্রতারণা করে ৩৭ লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৯:১৬

বরিশালের উজিরপুরে নগদ একাউন্ট ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার করে ৩৬ লক্ষ ৪৪ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।  এছাড়া ৭ দিনের রিমান্ড আবেদনও করেছে পুলিশ। 

সোমবার (১১ জানুয়ারি) মামলার ঐ দুই আসামিকে কারাগারে প্রেরণ করেছে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মনিরুজ্জামান।  

আরও পড়ুনঃ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন-সি

জানা গেছে, মামলার বাদী রানা খান উজিপুর থানাধীন ধামুরা বন্দরস্থ টেম্পু স্ট্যান্ডে নগদ একাউন্টের ব্যবসা করে।  ব্যবসার স্বার্থে গ্রাহকদের সাথে নগদ এ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করে থাকে।  ১৯ ডিসেম্বর বিকেলে ০১৬১০৪৫০৯৬০ নম্বর থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি আমাকে ফোন করে আমার নগদ একাউন্টের পিন কোড হ্যাক করে। এরপর আমার একাউন্ট ব্যবহার করে বিজনেস টু বিজনেস ৩৬ লক্ষ ৮৮ হাজার ৩১৫ টাকা নগদের ডিলারের কাছ থেকে আনে। মূহুর্তের মধ্যে সব টাকা পাঁচটি নম্বরে পাঠানো হয়।  ঘটনার কিছুক্ষণ পরেই লেনদেনের সকল তথ্য রানা খানের ব্যবহৃত মোবাইল নম্বরে চলে আসে।  এ ঘটনায় উজিরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ২৭ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন রানা খান। 

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার এসআই সুদীব কুমার জানান, এই মামলায় রফিকুল ইসলাম ও ফয়সাল আহমেদ জয় নামে ২ জনকে রবিবার (১০ জানুয়ারি) গ্রেফতার করে সোমবার (১১ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হয়।  এরপর আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন।  আমরা আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছি।

ইত্তেফাক/এমএএম