নিউজিল্যান্ডে টেস্ট ও টি-টুয়েন্টি দুই সিরিজেই লজ্জাজনক পরাজয়ের পর পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের ভবিষ্যৎ এখন কাঁটাতারে।
মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র বাৎসরিক সভায় ২০২০-২১ মৌসুমে জাতীয় দলের সার্বিক পারফরম্যান্সকে মূল্যায়ন করা হবে; সেই মিটিংয়েই মূল্যায়ন করা হবে এই দুই কোচের ভবিষ্যতও, খবর ক্রিকইনফোর।
পিসিবির ক্রিকেট কমিটির এই সভায় সভাপতিত্ব করবেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান। যদিও নিউজিল্যান্ড সিরিজ শেষে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল সামনে কোচিং স্টাফদের মধ্যে বড়সড় পরিবর্তন আসতে পারে, কিন্তু সভার আগে এ ব্যাপারে গলা ভারি করেননি ওয়াসিম। সাংবাদিকদের শুধু জানিয়েছেন, পুরো মৌসুমের 'স্বচ্ছ পর্যালোচনা' করা হবে এই সভায়। সেই পর্যালোচনা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন পিসিবি সভাপতি এহসান মানি। মিসবাহ এবং ওয়াকারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকলেও ব্যাটিং কোচ হিসেবে বহাল থাকছেন ইউনিস খান।
ইত্তেফাক/এসআই
