বিশ্বের ‘প্রাচীনতম’ প্রাণী-গুহাচিত্রের সন্ধান

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ০৭:৩৬

বিশ্বের ‘প্রাচীনতম’ প্রাণী-গুহাচিত্রের সন্ধান পাওয়া গেছে ইন্দোনেশিয়ায়। বন্য শূকরের ঐ ছবিটি আনুমানিক ৪৫ হাজার ৫০০ বছর আগে আঁকা বলে ধারণা করছেন প্রত্নতাত্ত্বিকরা।

গাঢ় লাল মেটে রঞ্জক পদার্থ ব্যবহার করে আঁকা সুলাওয়েসি শূকরের প্রমাণ আকৃতির চিত্রটি একটি আখ্যান দৃশ্যের অংশ হিসেবে হাজির হয়েছে। সুলাওয়েসি দ্বীপের লেয়াং তেডোঙ্গে গুহায় চিত্রটি পাওয়া যায়। দ্বীপের একটি প্রত্যন্ত উপত্যকায় গুহাটি অবস্থিত।

চিত্রটিকে একই সঙ্গে ঐ অঞ্চলে মানুষের বসতি স্থাপনের সবচেয়ে প্রাচীন প্রমাণ হিসেবেও দেখা হচ্ছে। ‘যে মানুষগুলো (হোমো স্যাপিয়েন্স) এটি বানিয়েছে তারা পুরোপুরি আধুনিক ছিল, তারা আমাদের মতোই ছিল, পছন্দের যে কোনো ছবি আঁকার সক্ষমতা ও উপকরণ তাদের ছিল,’ বলেছেন সায়েন্স অ্যাডভান্স জার্নালে গুহাচিত্রে প্রাণীর এ ছবি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনের অন্যতম লেখক ম্যাক্সিম উব্যার।

বস্তুর বয়স নির্ণয়ে বিশেষজ্ঞ উব্যার ঐ গুহাচিত্রের ওপরে ক্যালসাইটের মজুত খুঁজে পান; ইউরেনিয়াম-সিরিজ আইসোটোপ ডেটিংয়ের সাহায্যে যে মজুতের বয়স বের হয় ৪৫ হাজার ৫০০ বছর। এর অর্থ হচ্ছে, ঐ গুহাচিত্রটি অন্তত অত বছরের পুরোনো, মন্তব্য উব্যারের। ‘এটা আরো পুরোনো হতে পারে। কেননা, আমরা কেবল ছবিটির ওপরে জমা ক্যালসাইটের সময়টি বের করেছি,’ বলেছেন তিনি।

ইত্তেফাক/এসআই