করোনায় অনিশ্চিত মারের অস্ট্রেলিয়ান ওপেন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ০৯:৩৮

করোনা ভাইরাস পরীক্ষার ফল পজেটিভ আসায় অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারের অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ। বৃহস্পতিবার মারের করোনা পজিটিভের ঘোষণাটি এসেছে।

সাবেক শীর্ষ বাছাই মারে টুর্নামেন্ট আয়োজকদের চার্টার ফ্লাইটে মারের অস্ট্রেলিয়া যাওয়ার কথা থাকলেও লন্ডনে নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি। বৃটেনের সংবাদ সংস্থা প্রেস এসোসিয়েশন জানায়, মারে শারীরিকভাবে ভালই আছেন। নির্ধারিত সূচির পরে হলেও তিনি অস্ট্রেলিয়া পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

৩৩ বছর বয়সী এই তারকা মেলবোর্নে পাঁচ বার রানার আপ ট্রফি জয় করেছেন। টুর্নামেন্টের জন্য আজ থেকে ১২শ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ অস্ট্রেলিয়া পৌঁছাতে শুরু করেছে। আগামী ৮ ফেব্রুয়ারি টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা থাকলেও এর আগে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালনের বাধ্যবাধকতার কারণে টুর্নামেন্টটি বিলম্বিত হতে পারে।

অস্ট্রেলিয়ান ওপেনের পরিচালক ক্রেগ টিলে করোনাকালে এই গ্র্যান্ড স্লাম আয়োজনকে বাস্তবে পরিণত করার জন্য বেশ কয়েকমাস ধরে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছেন।

টেনিস অস্ট্রেলিয়া জানায়, কেবলমাত্র যাত্রার আগমুহূর্তে কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ ফল নিয়েই অস্ট্রেলিয়া প্রবেশ করতে পারবে খেলোয়াড়রা। টুর্নামেন্টের বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে কাতারে।

ইত্তেফাক/এমআর