ময়মনসিংহের তারাকান্দায় অপহরণের তিন দিন পর বাড়ির পাশের জঙ্গল থেকে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে তার বাড়ির পাশের জঙ্গল থেকে সানজিদা আক্তারের (৭) লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
নিহতের বাবা শাজাহান আকন্দ বলেন, গত মঙ্গলবার দুপুরে বাড়ির উঠান থেকে অপহরণ হয় তার মেয়ে সানজিদা। একটি চিরকুটে লিখে যাওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু নাম্বারটি বন্ধ পাওয়া যায়। বুধবার (১৪ জানুয়ারি) অপহরণকারীরা ফোন দিয়ে তাদের বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা পাঠাতে বলে। টাকা না পাঠানোয় লাশ হলো আমার মেয়ে। বুধবার থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশ আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। সকালে জঙ্গলে পাওয়া গেল তার লাশ।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, নাম্বার ট্র্যাকিং করে অপহরণকারীদের শনাক্ত করার চেষ্টা করছিল পুলিশ। কিন্তু আজকে সানজিদার লাশ পাওয়া গেল। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করা হচ্ছে। আশা করছি জলদি অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হবো।
ইত্তেফাক/এমএএম
