কুড়িগ্রামের চিলমারী উপজেলায় টানা তিন দিনের ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ৩ দিন যাবৎ সূর্যের দেখা মেলেনি। রাতে বৃষ্টির মতো টপটপ করে পড়ছে শিশির। তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকে।
নিম্ন আয়ের লোকজন শীতের কাপড়ের অভাবে খরকুটো জ্বালিয়ে কোনো রকমে শীত নিবারণের চেষ্টা করছে। কৃষক শ্রমিকেরা অতিরিক্ত ঠাণ্ডার কারণে কাজে যেতে পারছে না। বিশেষ কাজ ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছে না। অফিস আদালতে লোকজনের উপস্থিতি কম দেখা যাচ্ছে। হাসপাতালে সর্দি, কাশি ও শ্বাসকষ্টের রোগী বেশী ভর্তি হচ্ছে।
সোনারী পাড়া এলাকার রহিমা বেওয়া (৭৫) জানান, শীতের কাপড়ের অভাবে অতিকষ্টে রয়েছি। অতিরিক্ত ঠাণ্ডার ফলে হাঁস, মুরগী ও ছাগল মরে যাচ্ছে।
গাবের তল এলাকার নজরুল ইসলাম জানান, মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় তার দুটি বকরি মারা গেছে। ইরি বোরোর বীজ তলা লালচে হলুদ বর্ণ হয়ে যাচ্ছে। কৃষকরা জানায়, ঘন কুয়াশা ও ঠাণ্ডার কারণে এবারে ইরি বোরো রোপণের মৌসুম দেরী হচ্ছে।
ইত্তেফাক/জেডএইচ
