চাচাতো ভাইয়ের অস্ত্রের আঘাতে ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৯:৪১

খুলনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মহিদুল মোল্লা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার রূপসা উপজেলার আনন্দনগর গ্রামের মেঝঝিলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, আনন্দনগর গ্রামের মহিদুল মোল্লার সঙ্গে তার চাচাতো ভাই মাশিকুল ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার দুপুর দেড়টার দিকে মাশিকুল ইসলাম মহিদুল মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। 

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি জানান, হত্যাকারীকে গ্রেফতারে জোর অভিযান চলছে। তবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি বলে জানান তিনি।

ইত্তেফাক/জেডএইচ