বগুড়ার শিবগঞ্জে শেখ স্বাধীন নামের (৮) এক মাদ্রাসা ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার কিচক ইউনিয়নের ঈদগাহ মাঠসংলগ্ন পাশের গাংনাই নদীর তীর থেকে স্বাধীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত স্বাধীন আমতলী মাছপাড়া এলাকার শেখ শাহ আলম মিয়ার ছেলে ও স্থানীয় মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
মাদ্রাসার মুহতামিম শহিদুল ইসলাম বলেন, স্বাধীন শনিবার সন্ধ্যা থেকেই নিখোঁজ হয়। সকালে তার লাশ মাদরাসার পার্শ্বে গাংনাই নদীর তীরে পাওয়া যায়।
আরও পড়ুন: ১১ বছর ধরে গোয়াল ঘরে বসবাস
নিহতের চাচা মইনুল হক বলেন, স্বাধীন ওই মাদ্রাসায় আবাসিকের ছাত্র ছিল। শনিবার বিকেল থেকেই স্বাধীন নিখোঁজ ছিল। অথচ স্বাধীন নিখোঁজ রয়েছে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে জানায়নি।
শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, স্বাধীনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা হবে। এ ব্যাপারে থানায় স্বাধীনের বাবা শেখ শাহ আলম মিয়া বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমএএম
