শিক্ষা ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আমেরিকান লিডারশিপ বোর্ড কতৃক ‘টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এডুকেশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড ২০১৮’ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর ।
আমেরিকান লিডারশিপ বোর্ড কর্তৃপক্ষ ‘ব্যক্তিগত ক্যাটাগরিতে’ ড. মুনাজ আহমেদকে ২০১৮ সালের এক্সেপশনাল এডুকেটর ঘোষণা করে।
২০১৮ সালের ৫ ডিসেম্বর আমেরিকান লিডারশিপ বোর্ড মুনাজ আহমেদকে এ পুরস্কারের জন্য মনোনীত করে। ২০১৯ সালে ১৬ জানুয়ারি অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরকে এ পুরস্কার হস্তান্তর করা হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্যের দায়িত্বে ছিলেন।
শিক্ষাগত জীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা সম্পন্ন করেন ড. মুনাজ আহমেদ নূর। পরে ২০০০ সালে তিনি ইউনিভার্সিটি অব টোকিও থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার মূল গবেষণার বিষয়বস্তু ছিল কনক্রিট টেকনোলজি, আরবান সেফটি, ক্লাইমেট চেঞ্জ, আর্থকোয়াক ডিজাস্টার।
আরও পড়ুন: রাউজানে বাসের ধাক্কায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
২০০৫ সালে তিনি নেদারল্যান্ডসে একটি সংক্ষিপ্ত প্রাইভেট পাবলিক পার্টনারশিপ (পিপিপি) প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ২০০৭ সালে ভূমিকম্প তত্ত্বের (সাইজমলজি) ওপর একটি সংক্ষিপ্ত কোর্সে অংশগ্রহণ করেন। ২০০৮ সালে ইতালিতে ভূমিকম্প বিষয়ক একটি ট্রেনিং প্রোগ্রামেও অংশ নিয়েছেন ড. মুনাজ।
অ্যাওয়ার্ড প্রাপ্তির পর ড. মুনাজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় কাজ করার ফলে এ সম্মান অর্জন সম্ভব হয়েছে। এ জন্য আমি প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ইত্তেফাক/কেআই
