এএফসিএর ইনক্লুসিভ ফাইন্যান্স ইনিশিয়েটিভ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৫:২৬

গ্রামীণ ট্রাস্টের আয়োজনে অন্তর্ভূক্তিমূলক অর্থায়নের উপর দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জানুয়ারি) ঢাকায় গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সে একটি ‘ইনক্লুসিভ ফাইন্যান্স কো-অপারেশন কমিটি’ (আইএফসিসি) গঠনের লক্ষ্যে এশিয়ান ফাইনান্সিয়াল কো-অপারেশন অ্যাসোসিয়েশান, চায়না এবং গ্রামীণ চায়নার যৌথ-আয়োজনে অনুষ্ঠিত হলো এই সম্মেলন।

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আইএফসিসি-র চেয়ারম্যান হিসেবে কাজ করতে আমন্ত্রণ জানানো হয়েছে। অধ্যাপক ইউনূস এই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

সম্মেলন উদ্বোধন করেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই শাখাটির কাজ হবে এশিয়ার অর্থায়ন খাতের নেতৃবৃন্দ ও সামাজিক ব্যবসা উদ্যোক্তাদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তোলা। যেখানে তাঁরা অন্তর্ভূক্তিমূলক অর্থায়নে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করবেন এবং এই এলাকায় পরিচালিত অন্তর্ভূক্তিমূলক অর্থায়ন কর্মসূচিগুলোকে শক্তিশালী করবেন।

এশিয়ান ফাইনান্সিয়াল কো-অপোরেশন এসোসিয়েশানের সেক্রেটারি জেনারেল (প্রধান নির্বাহী)  ইয়াং জাইপিং সম্মেলনে আগত সদস্য-অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। চীনের শীর্ষ অর্থায়ন প্রতিষ্ঠানগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিসহ সম্মেলনে প্রায় ১৭০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুই সাবেক আইজিপির জামিন

২০১৭ সালের মার্চ মাসে চীন সরকার এশিয়ান ফাইনান্সিয়াল কো-অপোরেশন অ্যাসোসিয়েশান প্রতিষ্ঠা করে। যার উদ্দেশ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে এশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিকে সহায়তাদান ও আর্থিক বাজারের বিকাশ সাধন। এএফসিএ ও আইএফসিসি-র সদস্য সংগঠনগুলোর মধ্যে সামাজিক ব্যবসাকে জনপ্রিয় করা ও সামাজিক ব্যবসায়ে সহায়তা করা এএফসিএ-র উদ্দেশ্য।

ইত্তেফাক/কেআই