শেষ কর্মদিবসে যা করবেন ট্রাম্প 

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৯:৩১

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ক্ষমতা ছাড়ার আগে শেষ অফিস করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে,  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শেষ কর্মদিবসে শতাধিক সাধারণ ক্ষমার আদেশে সই করবেন। এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। 

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়,ক্ষমা করার পাশাপাশি কিছু মানুষের শাস্তিও কমাবেন ট্রাম্প। স্থানীয় সময়  রোববার হোয়াইট হাউজের  বিশেষ এক সভায় প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা পাওয়ার জন্য তালিকা চূড়ান্ত করা হয়েছে। 

 মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ–সংক্রান্ত প্রতিবেদনে বলেছে, হাজার হাজার ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেও প্রেসিডেন্ট ট্রাম্পের সাধারণ ক্ষমার তালিকায় নাম ঢোকানোর তদবির চলছে শেষ মুহূর্তে।

 আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। 

ইত্তেফাক/এআর