নিজের ক্যারিয়ারে গান শেখানোর পাশাপাশি গায়ক হিসেবেও বেশ জনপ্রিয় সংগীতশিল্পী শফি মণ্ডল। এরইমধ্যে বেশকিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এবার তিনি কণ্ঠ দিলেন একটি চলচ্চিত্রের গানে। সম্প্রতি ‘হায়দার’ ছবির একটি গানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন শফি মণ্ডল। ‘মাতাল ঘ্রাণ’ শিরোনামের এই গানটি লিখেছেন ছবিটির পরিচালক রুবেল আনুশ এবং সুর ও সংগীতায়োজন করেছেন সোহেল রাজ। শফি মণ্ডল বলেন, ‘ছবিতে গান করার একটা অন্য রকম মজা আছে। চোখের সামনে কিছু চরিত্র ঘুরে বেড়ায় গান গাওয়ার সময়। তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে গাইতে হয়। বেশ আনন্দ নিয়ে মাতাল ঘ্রাণ গানটি গেয়েছি। গানটির কথা ও সুর খুবই হূদয়গ্রাহী হয়েছে। আশা করছি সকলেই ভালোবেসে গানটি গ্রহণ করবেন।’
গানটি প্রসঙ্গে রুবেল বলেন, ‘চমত্কার একটি গান হয়েছে। শ্রুতিমধুর সুর ও সংগীতের সঙ্গে দারুণ গায়কীতে গানটিকে উপভোগ্য করে তুলেছেন শফি মণ্ডল। ওনার কণ্ঠে এই গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমি প্রত্যাশা করছি।’
