নেদারল্যান্ডসে পুলিশের সঙ্গে লকডাউন-বিরোধীদের সংঘর্ষ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:২০

উত্তর পশ্চিম ইউরোপের দেশ নেদারল্যান্ডসে পুলিশের সঙ্গে লকডাউন বিরোধীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানী আমস্টারডামের এ সংঘর্ষে শীতের মধ্যেও একপর্যায়ে জলকামান ব্যবহারে বাধ্য হয় পুলিশ। খবর ডয়চে ভেলের

করোনা লকডাউন ও ভ্যাকসিনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২ হাজারের মতো বিক্ষোভকারী জমায়েত হয় আমস্টারডামে। ভ্যান গখ মিউজিয়ামের সামনের চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা। অনেকের হাতে ধরা পোস্টারে লেখা ছিল, ‘কোভিড ভ্যাকসিন বিষ’। সরকার যে করোনা ঠেকাতে কড়া লকডাউন চালু করেছে, তারও প্রতিবাদ জানায় তারা। বিক্ষোভকারীরা সামাজিক দূরত্ব রাখেননি। তাদের মুখে মাস্কও ছিল না। দুই দিন আগেই শিশুকল্যাণ খাতে তহবিল কেলেঙ্কারির দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেয় প্রধানমন্ত্রী মার্ক রুটের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস সরকার। তার সরকার বর্তমানে দেশটিতে অন্তর্বর্তীকালীন প্রশাসন পরিচালনা করছে। অন্তর্বর্তী সরকারের মন্ত্রীরা যখন কারফিউ ঘোষণা নিয়ে বৈঠক করছিলেন, তখনই ভ্যাকসিন ও করোনা বিধিনিষেধের প্রতিবাদে রাজপথে নামে বিক্ষোভকারীরা। পুলিশ এই বিক্ষোভের অনুমতি দেয়নি। আমস্টারডাম নগর কর্তৃপক্ষ বলছে, তারা জানিয়েছে বিক্ষোভ দেখাতে হলে ওয়েস্টারপার্ক এলাকায় যেতে হবে এবং সেখানে ৫০০ জনের বেশি বিক্ষোভকারী থাকতে পারবে না। স্থানীয় সংবাদপত্রের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা জমায়েত হলে পুলিশ তাদের চলে যেতে বলে। কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে পাথর মারতে থাকে। পুলিশ তখন জলকামান নিয়ে আসে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান চালানো হয়।