ঠান্ডায় জমে বরফ ডাল লেকের পানি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:২০

ঠান্ডায় জমে বরফ হয়ে গেছে পর্যটকদের অন্যতম আকর্ষণ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ডাল লেকের পানি। বেশ কিছু এলাকায় পাইপলাইনের পানিরও একই অবস্থা। গতকাল সেখানকার গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়। গ্লোবাল টাইমস

কাশ্মীরের আবহাওয়া এমনটা থাকলেও কিছুটা বদলেছে দিল্লির আবহাওয়া। এদিন সকালে দিল্লির তাপমাত্রা বেড়ে পৌঁছায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস। দেশটির রাজধানী শহর মোড়া রয়েছে ঘন কুয়াশার চাদরে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকায় তীব্র শীত থাকতে পারে। এছাড়া হরিয়ানা এবং পাঞ্জাবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকতে পারে। আবহাওয়া অফিসের মতে, আগামী দুই দিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তাপমাত্রা আট থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে পারে। আবহাওয়া দপ্তর জানায়, উত্তরপ্রদেশ ছাড়াও উত্তর রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আসামের কিছু এলাকায় ঘন কুয়াশা বজায় থাকবে। এছাড়া দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, বিহার ও সিকিমের কিছু এলাকা এবং পশ্চিমবঙ্গের উত্তর অংশে ঘন কুয়াশা থাকবে।