গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ভাটার টানে ট্রলারডুবে ঘুমন্ত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আরো এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। রবিবার গোপালগঞ্জ সদর উপজেলার তালা গ্রামের মধুমতী নদীর বালুরঘাট থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধারকৃত শ্রমিক হলেন—ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর গ্রামের আব্দুল গণির ছেলে রিপন চৌকিদার (২২)। ঐ ট্রলারের অপর শ্রমিক একই গ্রামের শাহজাহান পাটোয়ারীর ছেলে বিল্লাল পাটোয়ারী (২৮) নিখোঁজ রয়েছেন।
ট্রলারডুবির ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক রুহুল আমীন (৪৫) জানান, তালা বালুরঘাট থেকে ট্রলারে বালু ভর্তির পর সেখানেই ট্রলারটি শনিবার জোয়ারের সময় নোঙর করা হয়। রাতে তারা তিন জন ট্রলারের মধ্যে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ভাটার টানে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। তিনি সাঁতরে পাড়ে ওঠেন; কিন্তু অপর দুই শ্রমিক রিপন ও বিল্লাল নিখোঁজ হন।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই বিপ্লব কুমার দাস জানান, সকাল ৯টা থেকে ঘটনাস্থলে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তল্লাশি অভিযান শুরু করে। দুপুর আড়াইটার দিকে ট্রলারের নিচ থেকে ডুবুরিরা এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে। অপর শ্রমিক নিখোঁজ রয়েছে। ডুবুরি দল বিকাল সাড়ে ৪টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করেছে।
