লক্ষ্মীপুরে ব্রিক ফিল্ডের শ্রমিক হত্যা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:২৯

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে চা খেয়ে বাড়ি ফেরার পথে ব্রিক ফিল্ডের শ্রমিক কাশেম আলীকে (২৮) হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে রাস্তার পাশে গাছের সঙ্গে মাফলার পেঁছিয়ে লাশ ঝুলিয়ে রাখা হয়। সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আন্ধারমানিক গ্রামে স্থানীয়রা গাছের সঙ্গে কাশেম আলীর ঝুলন্ত লাশ দেখতে পায়। কাশেমের গলায় মাফলার প্যাঁচানো থাকলেও হাঁটু ভাঙা অবস্থায় মাটিতে লেগেছিল। নিহত কাশেম আন্ধারমানিক গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি স্থানীয় জসিম ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতেন।

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন ভুলু বলেন, ধারণা করা হচ্ছে কাশেমকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।