সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:৩১

আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর বিভাগের ২০২০ সালের ডিসেম্বর মাসের ‘মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা’ সোমবার  রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন। এসময় অনলাইনে ভিডিও কনফান্সের মাধ্যমে যুক্ত ছিলেন, রংপুর রেঞ্জ দপ্তরের পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) জনাব মো. আব্দুল লতিফ, আরআরএফ, রংপুরের কমান্ড্যান্ট (এসপি) মো. মেহেদুল করিম, পিপিএম-সেবা প্রমুখ।

কোটালীপাড়ায় ছয় ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় রবিবার রাতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার দীঘলিয়ার পতিত পবন মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী নিখিল বাড়ৈ জানান, রাত ৮টার দিকে আজিজুল শেখের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যা শিশুদের আয়মূলক কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত করা এবং নারীদের আয়ের প্রাপ্য সরকারি সুযোগ সুবিধা বিষয়ক এক কর্মশালা সোমবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়। নারী প্রগতি সংঘ বারহাট্টা উপজেলা কেন্দ্র আয়োজিত এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন সমাজ সেবা বিভাগের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার গাজী মোবারক হোসেন প্রমুখ।

গণতন্ত্র-মানবাধিকার ও গণমাধ্যম ভাবনা শীর্ষক আলোচনা

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে গণতন্ত্র-মানবাধিকার ও গণমাধ্যম ভাবনা শীর্ষক আলোচনাসভা রবিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত হয়। জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় উপলক্ষ্যে এই আলোচনাসভার আয়োজন করা হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে। ইউনিটির সভাপতি শাহ্ জামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মেলান্দহ পৌর মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন।

মত্স্যচাষিদের নিয়ে মাঠ দিবস

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলা মত্স্য অধিদপ্তরের আয়োজনে পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়ায় সিআইজি সদস্য ও এলাকার মত্স্যচাষিদের নিয়ে সোমবার দুপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুত্, উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন প্রমুখ।

রৌমারীতে ইউপি সদস্যদের শপথ গ্রহণ

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা রৌমারী উপজেলায় তিনটি ইউনিয়নের সংরক্ষিত ৯ ও সাধারণ ২৭ জন ইউপি সদস্য শপথ গ্রহণ করেছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।

লবণাক্ততা সহনশীল আলু চাষে প্রশিক্ষণ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা উপজেলায় লবণাক্ততা সহনশীল আলু চাষাবাদ ও সংরক্ষণের ওপর কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা খলিলনগর ইউনিয়ন পরিষদের হলরুমে প্রদীপন ও আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র বাস্তবায়নে এবং জার্মান সরকারে অর্থায়নে ১২৭ জন কৃষকের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়। চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করেন সিআইপি কৃষিবিদ মো. মনোয়ার হোসেন।

পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিরাপত্তা প্রকল্পের সূচনা সভা

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা উপজেলা পরিষদ মিলনায়তনে হাওরবাসীর পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পবিষয়ক সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী বেসরকারি দেশীয় সংস্থা সেরার উদ্যোগ ও আন্তর্জাতিক সংস্থা ফাওর সহযোগিতায় এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম অরিফুল ইসলাম।

 

 

০