ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট টিমকে ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিএসইসির কার্যালয়ে তাদের সঙ্গে বৈঠক করতে ডাকা হয়েছে। সম্প্রতি বিএসইসির উপপরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ডিএসইতে পাঠানো হয়েছে। জানা গেছে, বর্তমানে ২ হাজার কোটি টাকার ওপরে লেনদেন হওয়ার ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সাপোর্ট দিতে পারে না ডিএসইর বিভাগ। ফলে ডিএসইর আইটি বিভাগের এ পারফরমেন্সে হতাশ বিএসইসি। তাই সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য স্টক এক্সচেঞ্জটির আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট টিমকে ডেকেছে বিএসইসি। তাদের কোথায় সমস্যা এবং কী প্রয়োজন, তা নিয়ে সভায় আলোচনা করা হবে। সভায় ডিএসইর দু্ই জন শেয়ারহোল্ডার পরিচালক, এক জন স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও), প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ও এই বিভাগের দু্ই জন অফিসার, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এবং প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তাকে (সিআরও) উপস্থিত থাকার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে।
