সিলেট অফিস
বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়নার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ জোহর সিলেট নগরের দরগায়ে হযরত শাহজালালের (র.) দরগা মসজিদে জানাজা শেষে তাকে দরগাহ কবরস্থানে দাফন করা হয়। গতকাল শহিদ মিনার প্রাঙ্গণে নিজাম উদ্দিন লস্করকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণিপেশা ও সংগঠনের মানুষ জড়ো হন। এর আগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে তার মরদেহ আনা হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়নাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
১৯৫২ ইংরেজি সালের ৯ এপ্রিল সিলেট নগরীর লামাবাজার এলাকার বিলপাড়ে তার জন্ম হয়। রেডিও, টিভি নাটক ও মঞ্চনাটক মিলে শতাধিক নাটকের নাট্যকার নিজাম উদ্দিন লস্কর ময়না একটানা ১০ বছর সিলেট জেলা শিল্পকলা একাডেমির নাটকের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রচনা করা নাটকগুলোর মধ্যে ‘রক্তপলাশ, গ্রাস, পাগলাগারদ, ঝুঁকি, যুগবদলের হাওয়া’ ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি বেশ কয়েকটি বই রচনাও করেছেন। এযাবত্ বেশ কয়েকটি ইংরেজি সাহিত্যের অনুবাদও করেছেন তিনি। নিজাম উদ্দিন লস্কর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘বন্ধন, পাপি শত্রু, খুনের বদলা’। তিনি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের তিন বার প্রধান পরিচালকের দায়িত্ব ও সিলেট ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাকালীন থেকে টানা তিন বার সভাপতির দায়িত্ব পালন করেন। গত রবিবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
০
