ডাগআউটের লড়াইয়ে জিতলেন মানিক

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:৪৮

শেখ জামাল ২ : চট্টগ্রাম আবাহনী ১

 স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং চট্টগ্রাম আবাহনীর লড়াই। মাঠের লড়াইয়ে যতটা না আকর্ষণ তার চেয়ে ঢের বেশি চোখ থাকে ডাগআউটে দাঁড়ানো দুই দলের কোচের দিকে। শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক এবং চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক। এই দুই জনই ফুটবল নিয়েই মেতে থাকেন। ব্রাজিল থেকে কোচিং কোর্স করেছেন মানিক। আর মারুফুল হক উয়েফা হতে। দুই জনের ফুটবল জ্ঞানও ভালো। কীভাবে প্রতিপক্ষের ঘর ভাঙতে হয়। প্রতিপক্ষের ঝড়ে ঘর সামাল দেওয়ার কৌশলও জানা। এই দুই জনের প্রতি ফুটবল দর্শকেরও সমীহ আছে। ডাগআউটে বাড়তি লড়াই হয়। কাল বিকালে মানিক মারুফের লড়াইয়ে হেরেছেন মারুফ।

মানিকের দল শেখ জামাল প্রথমার্ধেই দুই গোল আদায় করে। যদিও শেখ জামাল প্রথমার্ধে ভালো খেলতে পারেনি। তাদের খেলাটা খুব একটা গোছানো ছিল না। যেভাবে চাইছিলেন মানিক, সেভাবে হচ্ছিল না। ডাগআউটে দাঁড়িয়ে মানিক চিত্কার করে দলটাকে গোছানোর চেষ্টা করছিলেন। তাতে একটা সুফলও পেয়েছেন তিনি। ৪০ মিনিট অপেক্ষার পর গোল পেয়েছে শেখ জামাল। ফ্রিকিক থেকে গোলের দেখা পায় শেখ জামাল। উজবেক ফুটবলার ভ্যালি জনভ ওতাবেক সুন্দর ফ্রিকিক করেন। বলটা মানব দেওয়াল স্পর্শ করে চট্টগ্রাম আবাহনীর জালে জড়িয়ে যায় গোলকিপার নাঈমকে ফাঁকি দিয়ে ১-০। এই ওতাবেক গত মৌসুমে ব্রাদার্সে খেলেছেন। ব্রাদার্স পিছিয়ে থাকলে ত্রাণকর্তা হয়ে গোল করেছেন তিনি। ঢাকায় লকডাউনের সময় ব্রাদার্সে ছিলেন। খুব কষ্টের সময় গেছে তার শিশুসন্তান এবং গর্ভবতী স্ত্রীকে নিয়ে। ঢাকার খেলা শুরু হলে আবার ঢাকায় ফিরে শেখ জামালে যোগ দিয়েছেন। কাল প্রথম ম্যাচেই নিজেকে চিনিয়েছেন ওতাবেক।

মারুফুল হকের দল চট্টগ্রাম আবাহনী দ্বিতীয়ার্ধে নতুন মন্ত্রণা নিয়ে মাঠে নেমেছিল। নামতেই ৫০ মিনিটে দ্বিতীয় গোল হজম করে। মনির হোসেনের ক্রসের বল নুরুল আবসার লাফিয়ে উঠে মাথা ছোঁয়ান ২-০। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি হতে চট্টগ্রাম আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন রোখা ব্রিজলারা গোল করেন ১-২।

ম্যাচ হেরে মোটেও অসন্তুষ্ট না কোচ মারুফুল হক। তার কাছে মনে হচ্ছে লিগ মাত্র শুরু, এখনই সব হিসাব করা যাবে না। মারুফ দায়ী করছেন তার কম্বিনেশনকে। তিনি খেলা শেষে সংবাদ মাধ্যমকে বলেন, ‘কম্বিনেশনটা গুছিয়ে উঠতে পারিনি। এটা হয়ে গেলে ঠিক হয়ে যাবে।’

মানিক তো মহাখুশি। হাসি মুখে ঢুকলেন সংবাদ সম্মেলনে। বললেন, ‘জয় দিয়ে শুরু করলাম। বলতেই হয় শুরুটা ভালো। চ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী দল না। ফাইট করব। প্রথম ২০ মিনিটের খেলা ভালো হয়নি, গোল পেতে সময় লেগেছে।’

আজকের খেলা : বসুন্ধরা কিংস ও পুলিশ। আবাহনী ও ব্রাদার্স। ৩টা ৩০ এবং ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।