স্পোর্টস রিপোর্টার
সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্য, অনেক স্বপ্ন দেখেছিলেন জাতীয় দলের সঙ্গে কাজ করবেন। তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। বাফুফে বিপ্লবকে এক বছরের জন্য নিয়োগ দিয়ে জাতীয় দলের গোলকিপিং কোচ হিসেবে কাজ করার পথ খুলে দিয়েছে। এত দিন ইংলিশ কোচ জেমি ডের আনা ইংলিশ গোলকিপিং কোচের কাছে আশরাফুল রানা, আনিসুর রহমান জিকো, শহিদুর আলম সোহেলরা তালিম নিয়েছেন। এবার সেই ধারা বদলে গিয়ে দেশের কোচের কাছে শিক্ষা নেবেন তারা। বাফুফে জানিয়েছে বিপ্লব দেশে এবং বিদেশে আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করবেন। দারুণ খুশি বিপ্লব। কিছুদিন আগে কোচিং কোর্স করেছেন। ফুটবলে সেবা দেবেন বলে। জাতীয় দলে নিজেকে উজাড় করে দেওয়ার ঘোষণাও দিয়েছেন বিপ্লব। ৯৯ কাঠমাণ্ডু সাফ গেমস ফুটবল ফাইনালে নেপালের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন বিপ্লব। সেবারই সাফ গেমস ফুটবলের সোনার পদক নামের সোনার হরিণটি ধরতে পেরেছিল বাংলাদেশ। যা পারেননি আসলাম, মুন্না, কায়সারদের মতো নামডাকওয়ালা ফুটবলাররা। তারা ভালো খেলোয়াড় ছিলেন। ব্যক্তিগত নৈপুণ্য দেশ কাঁপিয়েছেন। কিন্তু সাফ গেমস নামের ফুটবল স্বর্ণ পদকটি বারবার হাতছাড়া হয়েছিল তখনকার ফুটবলারদের হাত থেকে। পরের প্রজন্ম বিপ্লব, আলফাজ, আরমান, জয়, মিন্টু, হাসান আল মামুনদের হাত ধরে সোনার পদকের ছোঁয়া পায় বাংলাদেশ। ক্লাব ফুটবলে শেখ জামালে কাজ করার অভিজ্ঞতা আছে বিপ্লবের। ৯৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ফুটবল খেলেছেন। একটানা সাফের আটিট আসরে খেলেছেন। জাতীয় দলের পাশাপাশি অলিম্পিক দলেও কাজ করবেন বিপ্লব।
