স্পোর্টস রিপোর্টার
ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তি এখন আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের অবিচ্ছেদ্য অংশই বলা চলে। বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ডিআরএস ইঞ্জিনিয়ার পাঠিয়েছে আইসিসি। গতকাল বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, ইংল্যান্ড থেকে ডিআরএস ইঞ্জিনিয়ার গত রবিবার ঢাকায় এসে পৌঁছেছেন। তাই সিরিজের প্রথম ওয়ানডে থেকেই ডিআরএস প্রযুক্তি ব্যবহার হবে।
বাংলাদেশ সরকারের নতুন নিয়ম অনুযায়ী করোনাকালে ইংল্যান্ড থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক চার দিন কোয়ারেন্টাইন করতে হবে। এর আগে যেটি ছিল ১৪ দিন। কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল হওয়ায় সুবিধা পেয়েছে বিসিবি। গতকাল জানা গেছে, ইংল্যান্ড থেকে রবিবার ঢাকায় এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ডিআরএস ইঞ্জিনিয়ার। প্রথম ম্যাচ থেকেই কাজ করবেন তিনি। গতকাল পড়ন্ত বিকেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোও বলেছেন, প্রথম ওয়ানডে থেকেই ডিআরএস থাকছে।
