স্পোর্টস ডেস্ক
মাত্র ৭৪ রানের লক্ষ্য দিয়েও ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। চতুর্থ দিনের শেষ বিকালে ১৪ রানের বিনিময় তুলে নেয় ৩ উইকেট। কিন্তু গতকাল শেষ দিনের খেলায় লঙ্কা বোলিংয়ে দেখা মিলেনি সেই ঝাঁজ। ৩ উইকেটে ৩৮ রান নিয়ে খেলতে নেমে মাত্র ৩৫ মিনিটেই ম্যাচ শেষ করে ইংলিশরা। গলে ৭ উইকেটের জয় নিশ্চিত করেন জনি বেয়ারস্টো (৩৫) ও ড্যান লরেন্স (২১)।
সবশেষ শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের তিনটিতেই জিতে ফিরেছিল জো রুটের দল। সেই ধারা অব্যাহত রেখে চারে চার করে নিল তারা। ২২৮ রানের ম্যাচ সেরা ইনিংস খেলে অধিনায়ক রুটও তাই বেশ উত্ফুল্ল, ‘এখানে এসে স্বল্প প্রস্তুতি নিয়েও যে প্রদর্শন আমরা দেখিয়েছি তা সত্যিই দুর্দান্ত। আমাদের আরো ভালো করতে হবে। যদি সব সময় উন্নতি করতে থাকি তাহলে আমাদের হারানো যে কোনো দলের জন্যই কঠিন হবে।’ অন্যদিকে আক্ষেপে পুড়ছেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক দীনেশ চান্দিমাল। প্রথম ইনিংসে ১৩৫ রানে গুটিয়ে না গেলে ফলটা ভিন্ন হতো বলে মনে করছেন তিনি। চান্দিমাল বলেন, ‘প্রথম ইনিংসে ব্যাট-বল দুটোতেই বাজে খেলেছি আমরা। যদি ৭০-৮০ রান বেশি করতে পারতাম তাহলে গল্পটা অন্যরকম হতে পারত।’ আগামী ২২ জানুয়ারি গলেই শুরু হবে সিরিজের শেষ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ১৩৫ ও ৩৫৯
ইংল্যান্ড প্রথম ইনিংস : ৪২১ ও ৭৬/৩ (বেয়ারস্টো ৩৫*, লরেন্স ২১*; এম্বুলদেনিয়া ২৯-২)
ম্যাচ সেরা : জো রুট
ফল : ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
