শেষ দিনেই গড়াল ব্রিসবেন টেস্ট

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:৪৯

স্পোর্টস ডেস্ক

সিরিজ জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩২৮ রান। আর অস্ট্রেলিয়ার ১০ উইকেট। ৪ রানের পুঁজি নিয়ে চতুর্থ দিনে মাঠ ছাড়ে অজিঙ্কা রাহানের দল। ব্রিসবেন টেস্টের শেষ দিনে তাহলে কী অপেক্ষা করছে? সিডনির মতো সেই রোমাঞ্চকর লড়াই নাকি অস্ট্রেলিয়া বোলারদের একচ্ছত্র আধিপত্য? সময়ই উত্তর বলে দিবে সব প্রশ্নের। এখনো পর্যন্ত ব্রিসবেনের উইকেট বোলারদের পক্ষে কথা বলছে। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ দেখিয়েছেন উইকেট সহায় থাকলে কতটা ভয়ানক হতে পারেন তিনি। সে বিবেচনায় বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণের সামনে টিকে থাকাটা কঠিনই হবে সফরকারীদের জন্য। তার ওপর ইতিহাস বলছে ব্রিসবেনে ২৫০-এর বেশি রান তাড়া করার নজির নেই।

রোহিত শর্মা ও শুভমন গিল শেষ বিকেলটা পার করে দেন নির্বিঘ্নেই। অবশ্য এখানে বৃষ্টির অবদানই বেশি। যে কারণে শেষ সেশনের ২৩.১ ওভার খেলা মাঠেই গড়ায়নি। এর আগে ৫৪ রানের লিড নিয়ে ২১ রানে  দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া।  স্টিভেন স্মিথের ঝটপট ফিফটি (৫৫), ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন গ্রিনের সুবাদে লিড ৩০০ পার করে তারা। ২৯৪ রানে অল আউট হয়ে এই মাঠে তৃতীয়বার ২০ উইকেট হারাল দলটি। বল হাতে ৭৩ রানে ৫ উইকেট নিয়ে সিরাজ দাপট দেখালেও স্বাগতিকদের বড় লিডে খুব একটা সমস্যা হয়নি। জশ হ্যাজলউডের ক্যাচ নিয়ে সিরাজকে ফাইফারের স্বাদ পাইয়ে দেওয়া শার্দুল ঠাকুরও নেন চারটি উইকেট। ব্যাট হাতে এর আগের দিনই ৬৭ রান করে নিজের সামর্থ্যের প্রমাণ রাখেন যিনি।