পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন হাইকোর্টে
ইত্তেফাক রিপোর্ট
ঢাকা ও এর আশপাশের জেলায় অবৈধভাবে গড়ে ওঠা ৫৯টি ইটভাটার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর। বন্ধ করা এসব ইটভাটার মধ্যে ঢাকা জেলায় ছয়টি, গাজীপুরে ৩৪টি, নারায়ণগঞ্জে ১১টি ও মুন্সীগঞ্জ জেলায় আটটি রয়েছে। এসব ইটভাটা থেকে জরিমানা আদায় করা হয়েছে ১ কোটি ৭৮ লাখ টাকা। এছাড়া টায়ার পাইরোলাইসিস ও ব্যাটারি রিসাইক্লিং দুটি কারখানাও বন্ধ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে এসব ইটভাটা ও ব্যাটারি রিসাইক্লিং কারখানা বন্ধ ও জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে পরিবেশ অধিদপ্তর।
ঐ প্রতিবদনে আরো বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশে বায়ুদূষণের জন্য দায়ী গাড়ির কালো ধোঁয়া, অপরিকল্পিত নির্মাণসামগ্রী রাস্তায় ফেলে রাখা, ব্যাটারি রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর ৩০টি অভিযানে মোট মামলা করা হয়েছে ১৮৯টি। পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে এসব তথ্যের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
ঢাকা ও এর আশপাশে বায়ুদূষণ বন্ধে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট করেন। ঐ রিটের ধারাবাহিক আদেশের পরিপ্রেক্ষিতে তিন মাস অন্তর হাইকোর্টে রিপোর্ট দেয় পরিবেশ অধিদপ্তর। গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পরিবেশ অধিদপ্তর পরিচালিত অভিযানের পরিপ্রেক্ষিতে এ রিপোর্ট প্রস্তুত করা হয়েছে বলে জানান আইনজীবীরা।
