হাতিয়ায় গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন
ইত্তেফাক রিপোর্ট
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরচানন্দিতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে সন্তানদের সামনে বিবস্ত্র করে নির্যাতন এবং তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠন। গতকাল সোমবার বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ পেলে লিখিত বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ ও সম্মিলিত সামাজিক আন্দোলন গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, ১ জানুয়ারি হাতিয়ার চরচানন্দির একটি গ্রামে স্বামীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে স্থানীয় বখাটে জিয়া ওরফে জিহাদ, ফারুখ, এনায়েত, ভুট্টো মাঝি ও ফারুক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে সন্তানদের সামনেই তাকে বিবস্ত্র করে টেনে-হিঁচড়ে ঘরের একটি কক্ষে দরজা বন্ধ করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে মেবাইলফোনে নারীর বিবস্ত্র ভিডিও ধারণ এবং গৃহবধূর ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে বখাটেরা মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। গত ৪ জানুয়ারি ভিকটিম হাতিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ তার মামলা গ্রহণ করেনি। তিনি বাধ্য হয়ে গত ৫ জানুয়ারি জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করাসহ শাস্তির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার শিকার গৃহবধূ ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানানো হয়।
সারা দেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় সংগঠনদ্বয়। মহিলা পরিষদের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু। আর সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত সভাপতি ড. আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।
