গাড়িচাপায় নিভে গেল দুই দম্পতির জীবনপ্রদীপ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২২:৪১

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিভে গেল এক দম্পতির জীবনপ্রদীপ। চুয়াডাঙ্গাতেও একইভাবে আলমসাধু নামের একটি স্থানীয় গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছে। সাভারে অটোরিকশাচাপায় এক মেয়ে এবং বকশীগঞ্জে ট্রাক্টরচাপায় এক শিশু নিহত হয়েছে। লালমনিরহাটে ডিউটি শেষে মোটরসাইকেলে করে থানায় ফেরার পথে গাড়ির সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া মানিকগঞ্জের ঘিওরে দুই বাসের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। ইত্তেফাক রিপোর্ট, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

ইত্তেফাক রিপোর্ট : রাজধানীতে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ হারিয়েছেন আকাশ ইকবাল (৩৩) ও মায়া হাজারিকা মিতু (২৫) নামের এক দম্পতি। বিমানবন্দর সড়কের পদ্মা ওয়েল পাম্পের পাশে আজমেরী পরিবহনের একটি বাসের ধাক্কায় তারা নিহত হন। তাদের মৃত্যুতে অনিশ্চতায় পড়েছে একমাত্র সন্তান আফরানের (৪) ভবিষ্যত্ জীবন। এদিকে এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক ও সহকর্মী পালিয়ে গেছে।

উত্তরায় একটি ডেভেলপার কোম্পানিতে চাকরি করতেন আকাশ, আর বিমানবন্দরে হোটেল লেক ক্যাসেল রেস্টুরেন্টে চাকরি করতেন মায়া। পুলিশ জানিয়েছে, মায়ার বাবা বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেছেন। চালক ও হেলপারকে ধরতে অভিযান চলছে।

এদিকে সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশারচাপায় সাবিনা আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এলাকাবাসী শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিক্ষুব্ধ জনতা অটোরিকশাচালককে আটক করেছে। একই সঙ্গে অবৈধভাবে চলাচল করা অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির এসআই কৃষ্ণ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে সদর উপজেলার হাতিকাটা এলাকায় মোটরাসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আলমসাধু চালকসহ দুই জন আহত হয়েছেন। সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের আব্দুল্লাহ আলম মাসুম (২৮) ও তার স্ত্রী লিভা খাতুন (২৫)। আহতরা হলেন আলমসাধুর চালক সদর উপজেলার টেইপুর গ্রামের সজীব আলী (১৪) ও চা-দোকানদার হাতিকাটা এলাকার ছেলুন মোল্লা (৪০)।

পুলিশ জানায়, মাসুম তার স্ত্রী লিভাকে নিয়ে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর ফিরছিলেন। হাতিকাটা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবাহী আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্বামী-স্ত্রী দুই জনই রাস্তায় ছিটকে পড়ে আহত হন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পৌঁছানোর আগেই মাসুমের মৃত্যু হয় এবং লিভাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে ট্রাক্টরচাপায় ছাদিকুর (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাদিকুর দেলোয়ার হোসেনের ছেলে ও স্থানীয় সেইফ একাডেমির দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, জিকারুল ইসলাম নামে তার চাচা ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এক পর্যায়ে ছাদিকুর ট্রাক্টরের ওপর গিয়ে বসে। তাকে নিয়েই জমি চাষ করছিলেন জিকারুল। হঠাত্ করে ওপর থেকে ট্রাক্টরের নিচে পড়ে যায় ছাদিকুর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় হাতীবান্ধা থানার দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। উপজেলার খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা বর্তমানে হাতীবান্ধা থানার ডিএসবির এসআই আব্দুল মতিন, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বাসিন্দা হাতিবান্ধা থানার কনস্টেবল মুজিবুল ইসলাম। ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২৪-৩৪৩৭) আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ডিউটি শেষে মোটরসাইকেলযোগে হাতীবান্ধা থানায় ফেরার পথে দুর্ঘটনা ঘটার পর তাদের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর ও লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন লাখাই বুল্লা ব্র্যাক অফিসের কর্মী কেরামত আলী (৫১) ও মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের আনু মিয়ার ছেলে আলম মিয়া (৪০)। কেরামতের বাড়ি ময়মনসিংহ জেলার হালিয়াঘাট গ্রামে। মোটরসাইকেলে করে লাখাইয়ে যাওয়ার পথে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান কেরামত। আর মহাসড়কের মাধবপুরে বাঘসাইর এলাকায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে আলম মিয়া নিহত হন।

চট্টগ্রাম অফিস : নগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. ইব্রাহিম নামে ২৮ বছর বয়সি এক যুবক নিহত হয়েছেন। টাইগার পাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম চকবাজার এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক মৃত বলে জানান।

কুমিল্লা : কুমিল্লায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কামরুল হাসান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই জন। নগরীর কাপ্তান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল হাসান নগরীর সিটি প্যাথ হাসপাতালে কাজ করতেন। তার বাড়ি নগরীর বিষ্ণুপুর এলাকায়।

ঘিওর (মানিকগঞ্জ) : ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে ঢাকায় চিকিত্সার জন্য পাঠানো হয়েছে। জানা গেছে, ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া নামক স্থানে সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে একটি লোকাল বাসের সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ বাসুদেব সিনহা।