বাউফলে শিক্ষার্থীকে হাত-পা-মুখ বেঁধে মারধর

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২২:৪৯

রিফাদ হোসেন (১৭) নামে এক ছাত্রকে একটি আবাসিক হোটেলে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে মারধর করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রিফাদের বাড়ি সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর গ্রামে। তার বাবার নাম নুরুল আমিন খান।

জানা গেছে, নুরাইনপুর দাখিল মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্র রিফাদ তার বোনকে নিয়ে রাত সোয়া ১১টার দিকে একটি ক্লিনিকে আসেন। বোনকে ক্লিনিকে ভর্তির পর ওষুধ আনার জন্য ফার্মেসিতে যাওয়ার পথে আবুল বশার রনি (২৮) নামে এক বখাটে তাকে একটি আবাসিক হোটেলের রুমে নিয়ে তার কাছে টাকা দাবি করে। এ সময় রিফাদ টাকা               দিতে অস্বীকৃতি জানালে রনি তার হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন করেন। পরে তার সঙ্গে থাকা বোনের জন্য ওষুধ কেনার টাকা ও মোবাইল নিয়ে যায়।

রিফাদের আসতে বিলম্ব দেখে তার বড় বোন রোখসনা বেগম তাকে খুঁজতে বের হন। না পেয়ে থানায় গিয়ে অভিযোগ করেন। এ সময় বখাটে রনি থানায় গিয়ে হোটেলে চোর আটক করা হয়েছে বলে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে যেয়ে রিফাদকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে রিফাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বখাটে রনিকে গ্রেফতার করে। তাকে গতকাল পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে। রনি একজন মাদকসেবী বলে জানা গেছে। মাদক কেনার টাকার জন্য রনি সুযোগ বুঝে পথচারীদের ধরে ঐ আবাসিক হোটেলে নিয়ে নির্যাতন করে সর্বস্ব কেড়ে নিত এমন অভিযোগ রয়েছে।