বিস্ফোরক আইনের দুইটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক জঙ্গির জামিন আদেশ প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ থেকে জামিন আদেশ প্রত্যাহারের আবেদন জানালে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম বলেন, আসামি রেদওয়ানুল হক ওরফে রেদওয়ানের আইনজীবী মামলার ঘটনা গোপন করেছেন। জামিন আবেদনে বলা হয়েছিল—আসামি গরিব, আগে কখনো জামিন চাননি। এ দাবি সঠিক না হওয়ায় জামিন আদেশ রিকলের আবেদন করা হয় রাষ্ট্রপক্ষ থেকে।
প্রসঙ্গত, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলার ঘটনা ঘটে। তার মধ্যে ফেনীর জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও পৌরসভা এলাকায় বোমা বিস্ফোরণ ঘটায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। এ ঘটনায় বিস্ফোরক আইনে দুইটি মামলা হয়। এ মামলায় ঐ বছরের ৫ ডিসেম্বর রেদওয়ানকে গ্রেফতার করে পুলিশ। ২০০৬ সালের ৩ ও ১৭ জুলাই ফেনী জেলা জজ আদালত রেদওয়ানসহ ছয় জঙ্গিকে যাবজ্জীবন দণ্ড দেয়। ঐ রায়ের বিরুদ্ধে আপিল করে আসামি। আপিল বিচারাধীন থাকাবস্থায় আসামি জামিন চাইলে গত ১৪ জানুয়ারি হাইকোর্ট জামিন মঞ্জুর করে। পরে রাষ্ট্রপক্ষ জামিন আদেশ প্রত্যাহারের আবেদন জানায়। গতকাল শুনানি শেষে হাইকোর্ট জামিন প্রত্যাহারের আদেশ দেয়। আদালতে আসামিপক্ষে আইনজীবী হাসিনা জাহান হাজারী ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম শুনানি করেন।
