আজ জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০০:৩৪

আজ ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী। জিয়াউর রহমান ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর নিভৃত জনপদ বাগবাড়ীর এক মুসলিম পরিবারে জন্ম নেন। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে তিনি যোগ দেন সে সময়ের পাকিস্তান সেনাবাহিনীতে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের একটি স্বতন্ত্র সেক্টরের। তার নামে গড়ে ওঠা জেড ফোর্স রণাঙ্গনে যুদ্ধ করে দুঃসাহসিকতায়।

১৯৭৫ সালের ৭ নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত দল বিএনপি তিন বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। গতকাল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৯ জানুয়ারি সকাল ১১টায় বিএনপির জাতীয় নেতাসহ সর্বস্তরের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। দিবসটি উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ঢাকায় বেলা ৩টায় ভার্চুয়াল আলোচনাসভা হবে। জন্মবার্ষিকী উপলক্ষ্যে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসহ পেশাজীবী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো জিয়ার জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শন এবং ড্যাবসহ চিকিত্সকদের সংগঠন ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করবে। সারা দেশে বিভিন্ন পর্যায়ের ইউনিটসমূহ নিজেদের সুবিধানুযায়ী ৮৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে উদ্যোগ গ্রহণ করবে।

জিয়ার জন্মদিন উপলক্ষ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বাণী দিয়েছেন। মির্জা ফখরুল এক বাণীতে বলেন, জিয়া ছিলেন আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের আগ্রাসনের বিরুদ্ধে এক আপসহীন দেশপ্রেমিক যোদ্ধা।