১৫ দিনের মধ্যে টাকা ফেরত দিতে আমানতকারীদের আল্টিমেটাম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০০:৩৫

আগামী ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার আলটিমেটাম দিয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের আমানতকারীরা। গতকাল রাজধানীর সিটি সেন্টারের সামনে ‘ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারী কাউন্সিল’ এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। মানববন্ধনে দুই শতাধিক আমানতকারী উপস্থিত ছিলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

মানববন্ধন শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন আমানতকারীরা। সংক্ষিপ্ত বৈঠক শেষে পাঁচ সদস্যের ঐ কমিটি সাংবাদিকদের জানান, যত দ্রুত সম্ভব বাংলাদেশ ব্যাংক টাকা দিয়ে দিতে চায়। কিন্তু এখন আদালতের নির্দেশনা ছাড়া কিছু করা যাচ্ছে না। তাছাড়া এই মুহূর্তে অবসায়কের নামে খোলা হিসেবে যে টাকা জমা হয়েছে তা বিতরণের উপযোগী নয়। পর্যাপ্ত টাকা জমা হলে আদালতের অনুমোদন নিয়ে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন গভর্নর।

মানববন্ধনের আহ্বায়ক ও প্রধান সমন্বয়কারী মো. আতিকুর রহমান আতিক বলেন, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি। কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত একজন পরিচালকের মাধ্যমে পরিচালিত হতো। কিছু ব্যক্তি মাসের পর মাস এ ফাইন্যান্স কোম্পানি থেকে শত শত কোটি টাকা দেশ থেকে পাচার করলেন, অথচ বাংলাদেশ ব্যাংক এগুলোর খবর রাখেনি। যখনই পাচারকারীরা দেশ থেকে চলে গেছেন তখনই এই টাকার সন্ধান করা হয়। এটা থেকে প্রমাণিত হয় বাংলাদেশ ব্যাংকের যোগসাজশে টাকা পাচার হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক আমাদের বার বার আশ্বাস দিলেও এখন পর্যন্ত টাকা ফেরত দেওয়া হয়নি। আগামী ১৫ দিনের মধ্যে যদি আমাদের টাকা ফেরত না পাই তাহলে রাজপথে অবস্থান করব। প্রতিটি ফাইন্যান্স কোম্পানির সামনে আমরা ব্যানার টাঙিয়ে দেব। আমরা লিখে দেব ফাইন্যান্স কোম্পানিতে টাকা দিলে আপনি এক টাকাও ফেরত পাবেন না। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সামনে আমাদের টানা অবস্থান কর্মসূচি চলবে।