সুস্থ আছেন জাহাঙ্গীর আলম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২০:২২

বিনোদন রিপোর্ট

সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছেন অভিনেতা, প্রযোজক ও পরিচালক ওস্তাদ জাহাঙ্গীর আলম। সম্প্রতি দাঊদকান্দিতে এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। জানা গেছে, কক্সবাজার থেকে ফেরার পথে রাত ৩টার দিকে দাঊদকান্দি ব্রিজে ট্রাফিক সিগন্যালে অপেক্ষমান ছিল তাকে বহনকৃত গাড়ি। এ সময় একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে জাহাঙ্গীর আলম প্রাণে বেঁচে গেলেও তার অবস্থা ছিল সংকটাপণ্ন। সেখানে কর্তব্যরত পুলিশের সহায়তায় তিনি দ্রুত ঢাকা আসেন। তারপর তাকে রাজধানীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। তবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন এ অভিনেতা। শিগগিরই তিনি বাসায় ফিরতে পারবেন।

এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার গাড়িটি আধুনিক হওয়ার কারণে আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে আছি। তবে বুকের ব্যথাটা খুব ভোগাচ্ছে। স্ত্রীর যত্নের কারণেই দ্রুত সুস্থ হয়ে উঠছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, জাহাঙ্গীর আলম দীর্ঘ অভিনয়জীবনে অনেক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। তবে অভিনয় থেকে দূরে সরে গিয়ে কয়েকবছর যুক্তরাষ্ট্রে ছিলেন। বর্তমানে ব্যবসার পাশাপাশি জাতীয় মার্শাল আর্টের জাতীয় প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।