নতুন বছরের শুরুতেই শুরু হচ্ছে শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের নতুন মৌসুম। এটি হতে যাচ্ছে অনুষ্ঠানটির ১৩তম সিজন। আগামী ২২ জানুয়ারি থেকে নতুন সিজনের পর্বগুলো শিশুরা দেখতে পাবে তিন টেলিভিশনের পর্দায়।
জানা গেছে, নতুন সিজনের পর্বগুলোতে শিশুদের খেলার মাধ্যমে শেখাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এই সিজনে শিশু ও তার পরিবারকে কোভিড-১৯ মহামারি মোকাবেলা করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া নতুন সিজনের পর্বগুলোতে সিসিমপুরের চরিত্র গ্রোভার ও রায়া খেলতে খেলতে শেখার নানা বিষয় নিয়ে হাজির হবে শিশুদের সামনে। আর সিসিমপুরের জনপ্রিয় চরিত্র ইকরি তার বন্ধুদে বাংলা বর্ণমালা লিখতে শেখাবে। সিসিমপুরের সিজন-১৩ প্রচার হবে প্রতি শুক্রবার দুরন্ত টিভিতে সকাল ৮টায়, মাছরাঙা টেলিভিশনে সকাল ৯টায় ও বিটিভিতে সকাল ১০টা ১০ মিনিটে। সম্প্রতি ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে সিসিমপুর সিজন-১৩ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহমেদ, বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু, দুরন্ত টিভির পরিচালক অভিজিত্ চৌধুরী, ইউএসএআইডির অ্যাডুকেশন টিম লিডার নিকোলাস ভিভিও, সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলমসহ অনেকে।
