ইত্তেফাক রিপোর্ট
টানা দুই কার্যদিবস বড় দরপতনের পর গতকাল মঙ্গলবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে শেয়ারবাজার। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে। মূলত বিমা কোম্পানির ওপর ভর করে এই ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে শেয়ারবাজার।
গতকাল দিনের লেনদেন শেষে ডিএসই’র তালিকাভুক্ত ৪৯টি বিমা কোম্পানির মধ্যে ৪৬টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। এর মধ্যে ৪৫টিই দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে। বাকি তিনটি কোম্পানির শেয়ার দাম অপরিবর্তিত থাকে। বিমা কোম্পানির দাম বাড়ার ইতিবাচক প্রবণতা অন্য খাতের ওপর পড়ে। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ১৮১টি প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লেখায়। বিপরীতে দাম কমেছে ১০৬টির। ৭০টির দাম অপরিবর্তিত রয়েছে।
অবশ্য বেশির ভাগ ব্যাংকের পতন হয়েছে। যে কারণে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পরও সূচকের বড় উত্থান হয়নি। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২০ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ২৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রধান মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ২৯০ কোটি ৯০ লাখ টাকা। যা আগের দিন ছিল ১ হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ২২৮ কোটি ৬৯ লাখ টাকা।
