ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। দীর্ঘ ১২ বছর পর ব্যাংকিং খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের আইপিও অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ১৮ নভেম্বর কমিশনের ৭৪৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। এনআরবি কমার্শিয়াল ব্যাংক শেয়ারবাজার ১২ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। শেয়ারবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয়, সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৩ দশমিক ৮৬ টাকা।
