ভেঙে গেছে বেইলি ব্রিজের পাটাতন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২১:৪০

চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়ক

ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের কাপ্তাই উপজেলার প্রশান্তি পার্কের পাশে নির্মিত বেইলি ব্রিজের পাটাতন ভেঙে গেছে। বিকল্প পথ না থাকায় এ ব্রিজের ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এ অবস্থায় যানবাহনের চাপে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এদিকে যানবাহনের চালকদের সতর্ক করতে স্থানীয়রা ভাঙা পাটাতনের পাশে খুঁটি বসিয়ে লাল পতাকা টাঙিয়ে দিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের ওপর প্রশান্তি পার্কের পাশে নির্মিত বেইলি ব্রিজের কয়েকটি পাটাতন ভেঙে গেছে। তবে একটি পাটাতনের অবস্থা খুবই খারাপ। এই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। কাপ্তাই থেকে কাঠ ও বাঁশ বোঝাই ট্রাক এবং ঢাকা-চট্টগ্রাম-কাপ্তাই সড়কে প্রতিদিন যাত্রীবাহী বাস ও নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিজিবির বিপুলসংখ্যক যান চলাচল করে। কিন্তু বর্তমানে ঝুঁকি নিয়ে এই সেতুর ওপর দিয়ে যানবাহন চালাতে ভয় পাচ্ছেন চালকরা। শ্যামলী পরিবহনের চালক জসিম উদ্দীন জানান, দ্রুত ব্রিজটি সংস্কার করা না হলে অচিরেই এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। আর সেরকম ঘটনা ঘটলে কাপ্তাইয়ের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বলেন, ব্রিজের পাটাতন ভাঙার কথা শুনেছি। এ ব্যাপারে তিনি সড়ক ও জনপথের স্থানীয় প্রকৌশলীর সঙ্গে কথা বলেছেন। সড়ক ও জনপথ বিভাগের স্থানীয় প্রতিনিধি দ্রুত ভাঙা পাটাতন বদল করা হবে নিশ্চিত করেছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রকৌশলী মো. ইসমাইল হোসেন জানান, চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ভাঙা পাটাতন দ্রুত বদল করা হবে। তবে পাটাতন বদল না করা পর্যন্ত সতর্কতার সঙ্গে ব্রিজের ওপর দিয়ে যান চলাচলের জন্য তিনি সবাইকে আহ্বান জানান।