প্রভাষক (বিজ্ঞান) পদে বিপিএসসি-এর দৃষ্টি আকর্ষণ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২১:৫৭

সম্প্র্রতি দেওয়া ৪৩তম বিসিএস বিজ্ঞপ্তিতে অন্যান্য ক্যাডারের সঙ্গে সরকারি সাধারণ কলেজ এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের জন্য বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক নিয়োগের কথা বলা হয়েছে। সরকারি সাধারণ কলেজগুলোতে নিয়োগের যোগ্যতা হিসেবে নির্দিষ্ট তথা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা হিসাবে স্নাতকের সঙ্গে চাওয়া হয়েছে শিক্ষা বিষয়ক ডিপ্লোমা বিএড/ এমএড। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানে স্নাতক ও একইসঙ্গে বিএড ডিগ্রিধারীদের সরকারি সাধারণ কলেজগুলোতে বিসিএস (সাধারণ শিক্ষা) তথা প্রভাষক ছাড়াও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে প্রভাষক (বিজ্ঞান)-এ সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু বিজ্ঞান বিষয়ের অন্তর্গত পরিসংখ্যান, ফার্মেসি, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ভূতত্ত্ব ও খনিবিদ্যা ইত্যাদি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের বিএড থাকলেও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে বিজ্ঞান বিষয়ে প্রভাষক পদে আবেদনের সুযোগ নেই। অথচ এ বিষয়গুলোতে স্নাতকে বিজ্ঞান বিষয়ের সঙ্গে সম্পর্কিত পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে ৫০০-৭০০ নম্বরের কোর্স পড়ানো হয়। সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে প্রভাষক (বিজ্ঞান) পদের ক্ষেত্রে যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণির ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং শিক্ষা বিষয়ে ডিগ্রি তথা বিএড চাওয়া হয়েছে। এখন কথা হচ্ছে তাহলে বিজ্ঞপ্তি অনুযায়ী পরিসংখ্যান, ফার্মেসি, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ভূতত্ত্ব ও খনিবিদ্যা ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের বিএড থাকলে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে বিজ্ঞান বিষয়ে প্রভাষক হিসাবে নিয়োগের সুযোগ দেওয়া যায়। কিন্তু এ বিষয়গুলোতে স্নাতকধারীদের বিষয় কোড নির্দিষ্ট করে দেওয়ায় বিএড থাকা সত্ত্বেও তারা দরখাস্তের সুযোগ পচ্ছে না। তাই আমরা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে বিজ্ঞান বিষয়ে আবেদনের জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কাছে সবিনয় আবেদন জানাচ্ছি।

শাহাদাত শাহিন, জাহাঙ্গীর আলম,

সোহেল আক্তার, মাহিদুল ইসলাম

শিক্ষার্থী, পরিসংখ্যান বিভাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ, ফার্মেসি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়