স্পোর্টস রিপোর্টার
শীর্ষ ১২ ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। খর্ব শক্তির হলেও ক্যারিবিয়ানরা প্রেরণা খুঁজছে গতকাল গ্যাবায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট জয়ে। যেখানে মূল দলের ৮ ক্রিকেটার ছাড়াই তরুণদের নিয়ে গড়া ভারত চূর্ণ করে দিয়েছে অস্ট্রেলিয়ার দর্প। ম্যাচ জয়ের সঙ্গে সিরিজও জিতেছে ভারত।
ফরম্যাট ভিন্ন হলেও আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে চলা ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে তেমন অভাবনীয় কিছু করতে চায় জেসন মোহাম্মেদের দল। আজ সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজ দলেও ওয়ানডে অভিষেক হতে পারে ছয়-সাত জন ক্রিকেটারের।
গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই অনেকের অভিষেক হবে। যখন আপনার নিজের ভেতর ও দলের মধ্যে বিশ্বাস থাকবে, আপনি ম্যাচ জিততে পারবেন এবং এসব অর্জন করতে পারবেন। এটা ভারত-অস্ট্রেলিয়া টেস্টে দেখা গেছে। আমাদেরও মানসিকতা একই, কাল (আজ) থেকে ভালো ক্রিকেট খেলতে চাই এবং আশা করি, ফলাফল আমাদের পক্ষে আসতে পারে।’
বাংলাদেশের স্পিন চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী উইন্ডিজরা। জেসন বলেছেন, ‘মূল বিষয় হলো বাংলাদেশে আসলে অনেক স্পিন আসবে। ম্যাচে যা আসবে আমাদের তাই খেলতে হবে। যেটা ঠেকানো বা স্ট্রাইক চালানো যাই হোক। এটা একটু চ্যালেঞ্জিং হবে। কিন্তু আমার মনে হয় আমরা ভালোভাবে প্রস্তুত এবং আমরা চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি।’ আজকের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডার ব্যাটিং, বোলিং দিয়ে ভোগাতে পারেন প্রতিপক্ষকে। তাই সাকিবের বিরুদ্ধে সতর্ক থাকবে উইন্ডিজরা। গতকাল জেসন বলেছেন, ‘আমরা জানি সে (সাকিব) বিশ্বের সেরা। তার বিরুদ্ধে আমাদের ইতিবাচক থাকতে হবে। যদি স্কোর করার বল আসে, আমাদের স্কোর করতে হবে। আর যদি ভালো বল হয়, তাহলে ঠেকাতে হবে।’
