স্পোর্টস রিপোর্টার
করোনাকালে নিজেদের সব আন্তর্জাতিক সিরিজেই বর্ণবাদবিরোধী আন্দোলনের পক্ষে নিজেদের সমর্থন প্রকাশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যতিক্রম হচ্ছে না বাংলাদেশ সফরেও। আজ শুরু হতে চলা ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের সঙ্গে বর্ণবাদবিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জেসন মোহাম্মেদদের সঙ্গে বর্ণবাদী আচরণের বিপক্ষে নিজেদের সমর্থন প্রকাশ করবেন তামিম ইকবাল, সাকিব আল হাসানরা। গতকাল সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী এ সম্পর্কে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলকে আপনারা দেখেছেন নিশ্চয়ই, করোনার মধ্যে তারা যত ম্যাচ খেলেছে সেখানে তাদের পক্ষ থেকে একটা অভিব্যক্তি ছিল। বিপক্ষ দলগুলোও সেটার সঙ্গে একমত পোষণ করেছে। আমাদেরও তেমনই পরিকল্পনা রয়েছে। কাল (আজ) ম্যাচে সেটা দেখা যাবে।’
