উড়ন্ত ইব্রা উড়ন্ত মিলান

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২১:৫৯

স্পোর্টস ডেস্ক

জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ক্যালিয়ারিকে তাদের ঘরের মাঠে ২-০ ব্যবধানে হারিয়েছে ১০ জনের এসি মিলান। ওদিকে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলে পরাজিত করেছে মিকেল আরতেতার আর্সেনাল। 

ইনজুরির কারণে সিরি আ-তে ১৮ ম্যাচের ১০টিই খেলতে পারেননি। তবে যেই আট ম্যাচ খেলেছেন, সেগুলোতে করেছেন মোট ১২ গোল। আর যেই সাত ম্যাচে শুরু করেছেন, সবগুলোতেই পেয়েছেন গোল। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এখন লিগের সর্বোচ্চ গোল সংগ্রাহকও তিনি। ৩৯ বছর বয়স্ক ‘চিরতরুণ ইব্রা’র ভেলকি এবার দেখল ক্যালিয়ারিও। প্রায় দুই মাসের ইনজুরি শেষে সোমবারই প্রথম লিগে শুরুর একাদশে জায়গা পেলেন। পরিপূর্ণভাবে ফেরার দিনটি স্মরণীয় করে রাখলেন পেনাল্টি ও ভলি থেকে করা দুইটি গোলে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি আরো পাকাপোক্ত করেছে মিলান। রবিবার জুভেন্তাসকে হারিয়ে সমান পয়েন্ট নিয়ে টেবিলে তাদের পাশে এসে দাঁড়িয়েছিল ইন্টার মিলান। এই জয়ে নগরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে আবার ৩ পয়েন্টে এগিয়ে গেল রোজেনেরিরা। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট আনা স্তেফানো পিয়োলির শিষ্যরা বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাসের চেয়ে এগিয়ে আছে ১০ পয়েন্টে।

অন্যদিকে প্রিমিয়ার লিগে পিয়ের এমেরিক অবামেয়াংয়ের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে মিকেল আরতেতার দল। আর্সেনালের হয়ে অপর গোলটি করেছেন তরুণ উইঙ্গার বুকায়ো সাকা। মৌসুমের আশঙ্কাজনক শুরুর পর এখন অনেকটাই স্বস্তি নেমে এসেছে আর্সেনাল শিবিরে। বর্তমানে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ ধরে অপরাজিত আছে গানাররা।