চট্টগ্রাম অফিস
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের চোখে ঘুম নেই। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই প্রচারণার উত্তাপ বেড়ে চলেছে। ব্যক্তিগতভাবে ভোট প্রার্থনা, হাতে হাতে লিফলেট প্রচারপত্র তুলে দেওয়াসহ বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থীরা তাদের উন্নয়ন প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন।
গতকাল মঙ্গলবার নগরীর উত্তর ও দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে গণসংযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গণসংযোগকালে বিভিন্ন পথসভায় রেজাউল করিম বলেন, জোয়ারের পানি ও ভারী যানবাহনের কারণে ভঙ্গুর রাস্তাঘাট আগ্রাবাদ ওয়ার্ডের একটি বড় সমস্যা। চট্টগ্রামের প্রতি জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় খাল খনন, সংস্কার, পুনরুদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে চলমান মেগা প্রকল্পের আওতায় মহেশখালকে দখলমুক্ত ও সংস্কার করা হবে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে আগ্রাবাদসহ চট্টগ্রামের কোনো এলাকাতেই জোয়ারের পানি ও জলাবদ্ধতা সমস্যা আর থাকবে না।
গণসংযোগকালে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, কাউন্সিলর পদপ্রার্থী মো. নাজমুল হক, মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আফরোজা কামাল, নুর আক্তার প্রমাসহ এলাকার সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হলে চট্টগ্রামকে ওয়াইফাই নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দেশে প্রথম সিলেটকে ওয়াইফাই নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বাস্তবায়ন করতে পারলে, বাণিজ্যিক নগরী চট্টগ্রামকেও ওয়াইফাই নগরী হিসেবে গড়ে তোলা যায়। নগরীর গুরুত্বপূর্ণ শতাধিক পয়েন্টে শক্তিশালী রাউটার স্থাপন করে এটি বাস্তবায়ন সম্ভব। দরকার হলে এই জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। কোনো প্রকার বাফারিং ছাড়াই ইন্টারনেটের গতি এনে পুরো নগর ওয়াইফাই শহর হিসেবে গড়ে তুলব। একেকটি এক্সেস পয়েন্টের প্রতিটিতে একসঙ্গে ৫০০ জন যুক্ত থাকার মতো ব্যবস্থা করা হবে।
তিনি গতকাল পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের কদমতলী মোড় থেকে গণসংযোগ শুরু করে মাদারবাড়ী ১ ও ২ নম্বর গলিসহ বিভিন্ন এলাকায় পথসভায় মিলিত হন। গণসংযোগে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য জয়নাল আবেদিন জিয়া, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, সদরঘাট থানা বিএনপির সভাপতি ও পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মো. সালাউদ্দিন, নগর বিএনপি নেতা মশিউল আলম স্বপন, মো. আলী, সদরঘাট থানা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান প্রমুখ।
