বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বহুধাবিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে এক প্ল্যাটফরমে নিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, এ কথা সত্য যে, মুক্তিযোদ্ধারা আজ দৃশ্যত বিভক্তির মধ্যে রয়েছে। এই বিভক্তি মুক্তিযুদ্ধের চেতনা এবং অর্জনকে দুর্বল করে দিচ্ছে। এতে প্রতিপক্ষ শত্রুরা আঘাত হানছে। বহুধাবিভক্ত মুক্তিযোদ্ধাদের একই প্ল্যাটফরমে আনতে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটিকে কাজ করতে হবে।
গতকাল মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে আরো বলেন, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির প্রতিভূ বিএনপি বারবার প্রতারণা ও চাতুর্যের আশ্রয় নিচ্ছে। তাদের চাতুর্য আছে কিন্তু নৈতিকতা নেই—জনগণের মুখোমুখি দাঁড়াবার সত্ সাহস এবং রাজনৈতিক অবস্থানও নেই। বিএনপি নেতারা হঠাত্ ঘুম থেকে জেগে চিরাচরিত মিথ্যাচারের রেকর্ড বাজাচ্ছে। তারা শীতনিদ্রায় রয়েছেন। আজকে তারা ভোটের মাঠে নেই, কিন্তু লিপ সার্ভিসে মিডিয়ায় অত্যন্ত সরব।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক চড়াই-উত্রাই পেরিয়ে ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়ন অভূতপূর্ব সাফল্য অর্জন করে এগিয়ে চলছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, স্বাধীনতার ৫০ বছরে এসেও দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্ত্রে লিপ্ত একাত্তরের ঘাতক স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তিকে এখনো মোকাবিলা করতে হচ্ছে।
স্বাধীনতাবিরোধী অপশক্তির পৃষ্ঠপোষকতায় উগ্র সাম্প্রদায়িকতা দেশের হাজার বছরের লালিত ঐতিহ্যকে নষ্ট করতে চায়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে এই অপশক্তিকে মোকাবিলা করে আদর্শকে সমুন্নত রাখতে হবে। এজন্য জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আসন্ন ৩য় ও ৪র্থ ধাপের পৌরসভা নির্বাচনে যারা বিদ্রোহী হয়ে নির্বাচন করতে চাইছে, তাদেরকে দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করে অনতিবিলম্বে সরে দাঁড়াতে কঠোর নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের স্বার্থে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর হয়ে কাজ করতে হবে। যারা বিদ্রোহ করছে বা করবে তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না।
২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির আয়োজিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন উপকমিটির চেয়ারম্যান রশীদুল আলম, সদস্য সচিব ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসসহ অন্য সদস্যরা।
